১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

‘৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাজশাহী’

প্রকাশিত: ২৫ April ২০২২, ৬:১১ pm | বিভাগ: খেলাধুলা, রাজশাহী, সব খবর
‘৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাজশাহী’
বিজ্ঞাপন

আব্দুুল্লাহ আল মারুফ:

৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে রাজশাহী জেলা। আজ কক্সবাজার একাডেমি মাঠে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে রংপুরকে ১১৭ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌছে তারা।

রাজশাহীর ফাইনালে ওঠার সমীকরণটা মোটেও সহজ ছিলোনা। বরং ফরিদপুরের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা রাজশাহীর ফাইনালে খেলার স্বপ্ন অনেকটা ধূসর হয়ে যায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই নাটোরের বিপক্ষে রংপুর জেলার দাপুটে জয়ে। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই নাটোরের বিপক্ষে রাজশাহীর ১০৪ রানের দাপুটে জয়ের পাশাপাশি ফরিদপুরের বিপক্ষে রংপুরের কষ্টার্জিত জয় রাজশাহীর ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখে।

আজ সোমবার (২৫ এপ্রিল) গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করা রাজশাহী যখন স্কোরবোর্ডে ২৫১ রান তুলতে সক্ষম হয়, তখনও জিতলেও নিশ্চিত নয় রাজশাহীর ফাইনাল। কারন তখনও একটি সমীকরণ মেলানো বাকি! আর তা হলো ১৮৬ রানের মাঝে আটকে রাখতে হবে রংপুরকে। ১৮৬ অতিক্রম করলেই রংপুর যাবে ফাইনালে, আর বাড়ীর পথ ধরতে হবে রাজশাহীকে। কিন্তু অপরুপ নৈসর্গিক সৌন্দর্যের মাঝে দাড়িয়ে কার-ই বা মন চায় দ্রুত বাড়ী ফিরে যেতে? বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের পাশে আরো ক’টা সন্ধ্যা কাটনো কিংবা সমুদ্রের গর্জন বা ঝাউবনের শো শো শব্দ শুনবার আকাঙ্ক্ষা থেকে হয়তো সত্যিই বাড়ী ফিরতে মন চায়নি সবুজ-ডিকি, ইদ্রিস-ইমনদের? তা না হলে কোন মায়ার টানে, কোন যাদুর বলে এক সাথে গর্জে উঠবে পুরো দল? ঢাকা দ্বিতীয় বিভাগের সর্বোচ্চ রান সংগ্রাহক পাপ্পু বা জাতীয় দলের আলমগীর বাবুদের নিয়ে গড়া রংপুরের মত শক্তিশালি দলকে আটকে দেবে ১৩৪ রানে? কোন মন্ত্রবলে পকেটে পুরবে ১১৭ রানের বিশাল জয়?

সকালে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রংপুর অধিনায়ক পাপ্পু। অধিনায়কের সীদ্ধান্তকে সঠিক প্রমান করতে বল হাতে যেন আগুন ঝরাতে থাকেন আলাউদ্দিন বাবু। মাত্র ২৪ রানের মধ্যে সাজঘরে ফেরান রাজশাহীর রমজান, রকি এবং সবুজকে। সবুজের আউটের পর অভিষেক মিত্রকে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন ওপেনার ওয়াহিদুজ্জামান ইমন। কিন্তু দলীয় ৭৭ এবং ব্যক্তিগত ৪৬ রানে ইমন ফিরে গেলে আবার বিপাকে পড়ে রাজশাহী।

এ যাত্রায় দলকে উদ্ধারের দায়িত্ব নেন চলতি টুর্নামেন্টে রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান করা শেখ কামরান হাফিজ ডিকি। দারুন ছন্দে থাকা ডিকি আজও অব্যহত রাখেন তার ছন্দ এবং একে একে অভিষেক, জনি ও ইদ্রিসকে সাথে নিয়ে দলকে পৌছে দেন ২৩৯ রানে। ৯১ রানে কাটা পড়ে শেষ হয় ডিকির দ্যুতিময় ইনিংস। অভিষেক করেন ৪২ রান। শেষ দিকে ইদ্রিসের ২২ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে রাজশাহী পায় ২৫১ রানের লড়াকু পুঁজি। ২৫২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রংপুর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং ৩১ দশমিক ১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে সক্ষম হয়। সর্বোচ্চ ৫৩ রান আসে রাইসুলের ব্যাট থেকে। রাজশাহীর হয়ে সবুজ ৪টি এবং ডিকি ৩টি উইকেট লাভ করেন।

এছাড়া জনি ও ইদ্রিস পান ১টি করে উইকেট। ব্যক্তিগত ৯১ রান করে দলের রানকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া এবং বল হাতে মাত্র ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে রংপুর কে ১৮৬ রানের আগেই আটকে দিয়ে শ্রেয়তর রানরেটে দলকে গ্রুপ চ্যাম্পিয়ন করে ফাইনাল পৌছে দেওয়ার স্বীকৃতিস্বরুপ রাজশাহীর শেখ কামরান হাফিজ ডিকি ম্যাচ সেরা নির্বাচিত হন।

আগামী ২৭ এপ্রিল শেখ কামাল আন্তার্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজারে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী জেলা মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন সিলেট জেলার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন