১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উদ্‌যাপিত হচ্ছে ঈদ

প্রকাশিত: ২ May ২০২২, ৩:২৫ pm | বিভাগ: আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ, সব খবর
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উদ্‌যাপিত হচ্ছে ঈদ
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশেও আজ উদ্‌যাপিত হচ্ছে ঈদ। খবর আরব নিউজ, গালফ নিউজ ও দ্য পেনিনসুলার।

আরব নিউজ জানায়, আজ সকালের শুরুতে শত শত মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করতে মক্কা ও মদিনায় জড়ো হন। মক্কার মসজিদুল হারামে নামাজের ইমামতি করেন ইমাম শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ।

মদিনায় মসজিদে নববিতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স ফায়সাল বিন সালমান বিন আবদুল আজিজ এবং ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন খালিদ আল-ফায়সাল।

সংযুক্ত আরব আমিরাতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে বলে জানিয়েছে গালফ নিউজ। সকালের দিকেই মুসল্লিরা মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন।

মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হিসেবে পরিচিত কাতারেও আজ ঈদ উদ্‌যাপিত হচ্ছে। সকালে আল-ওয়াজবাহ ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দ্য পেনিনসুলা আরও জানায়, এ সময় অন্যদের মধ্যে শেখ জসিম বিন হামাদ আল থানি, আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ আবদুল্লাহ বিন খলিফা আল থানি প্রমুখও সেখানে ঈদের নামাজ আদায় করেন।বিজ্ঞাপন

ফিলিস্তিনের জেরুজালেমে আল-আকসা মসজিদে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন
ফিলিস্তিনের জেরুজালেমে আল-আকসা মসজিদে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন

ইসরায়েলি বাহিনী সঙ্গে অব্যাহত উত্তেজনার মধ্যে ফিলিস্তিনেও আজ ঈদ উদ্‌যাপিত হচ্ছে। তবে এখন পর্যন্ত নতুন করে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। ঈদের আগের দিন গতকাল রোববার পশ্চিম তীরের বিভিন্ন শহর থেকে ১২ ফিলিস্তিনিকে আটক করে ইসরায়েলি বাহিনী। আরব নিউজ জানায়, ইসরায়েলি সশস্ত্র বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় পাঁচ তরুণ গুলিবিদ্ধও হন।

ইন্দোনেশিয়ায় লাখো মুসলিম আজ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন। কোভিড বিধিনিষেধ উঠে যাওয়ায় দুই বছর পর এবার তাঁরা পুরোপুরি উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্‌যাপন করছেন বলে জানিয়েছে আল-আরাবিয়া।

করোনা বিধিনিষেধ উঠে যাওয়ায় দুই বছর পর পুরোপুরি উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্‌যাপন করছেন ইন্দোনেশিয়ার মুসলিমরা
করোনা বিধিনিষেধ উঠে যাওয়ায় দুই বছর পর পুরোপুরি উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্‌যাপন করছেন ইন্দোনেশিয়ার মুসলিমরা

রমজানে এক মাস সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতর উদ্‌যাপন করে থাকেন মুসলিমরা। আরবি শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা সাপেক্ষে বিশ্বের বিভিন্ন দেশে এক দিন আগে-পরে ঈদ উদ্‌যাপিত হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আগামীকাল মঙ্গলবার ঈদ উদ্‌যাপিত হবে। এদিকে গতকাল ঈদ উদ্‌যাপন করেছে আফগানিস্তান।

প্রথম আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন