এয়ার এ্যাম্বুলেন্সে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ঢাকায় স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম এমপিকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার বিকাল ৫টা ৪৫ মিনিটে হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে এয়ার এ্যাম্বুলেন্সে রাজশাহী ত্যাগ করেন তিনি।
ঢাকায় স্থানান্তরের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এরআগে, বুধবার (১১ মে) সকালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি হাসপাতালের ভিভিআইপি কেবিনে ছিলেন। তার জন্য সব ধরনের জরুরি ব্যবস্থাপনা রাখা হয়েছিল।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী জানান, কামরুল ইসলামের কমপক্ষে ৯/১০ বার পাতলা পায়খানা হয়েছে। তবে ভর্তির পর তাকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। পাতলা পায়খানার কারণে তার শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। ব্লাড প্রেশার একটু কমেছে। তবে এরপরও তার জন্য আইসিইউসহ প্রয়োজনীয় সব ধরনের জরুরি ব্যবস্থাপনা প্রস্তুত রাখা হয়েছে।
এদিন সকালে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর কামরুল ইসলামের চিকিৎসায় রামেক হাসপাতালের অধ্যাপক ডা. খলিলুর রহমানকে প্রধান করে নয়জন চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তারা তাকে পর্যবেক্ষণ করছেন।
খবর পেয়ে বুধবার দুপুরে হাসপাতালে তাঁকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ।
এ সময় তাঁর শারিরীক অবস্থা ও চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন সিটি মেয়র।
এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. মো. খলিলুর রহমান সহ অন্যান্য চিকিৎসকবৃৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন-২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্যানেল পরিচিত সভায় যোগ দিতে গতকাল রাজশাহীতে আসেন এ্যাড. কামরুল ইসলাম এমপি।
