রাজশাহীতে ৩ বিক্রেতাকে জরিমানা, একটি দোকান সিলগালা
সয়াবিন তেলের মূল্য কারসাজি ও অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে রাজশাহীতে পৃথক অভিযনে ৩ বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া সয়াবিনের মূল্য তালিকা না থাকা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রি করায় একটি দোকান সিলগালা করে বন্ধ করা হয়েছে।
শনিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বোয়ালিয়া ও রাজপাড়া থানায় এসব অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বে দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান।
তিনি জানান, শনিবার দুপুরে ( ১৪ মে ) মহানগরীর পাঠানপাড়া মুক্তমঞ্চ সংলগ্ন উম্মেদ আলী এন্ড সন্স নামের একটি কনফেকশনারীর দোকানে নিয়মিন বাজার অভিযান চালানো হয়। এসময় দোকাটির ডিসপ্লেতে কোন ভোজ্য তেল পাওয়া না গেলেও তাদের গোডাউনে এক ও দুই লিটারের মোট ৯৫ লিটার বোতলজাত সয়াবিন খুঁজে পাওয়া যায়।
তেলগুলো জব্দ করার পর তা স্থানীয় ভোক্তাদের মাঝে বোতলের গায়ে লেখা দামে তাৎক্ষনিক বিক্রির ব্যবস্থা করা হয়। এছাড়া অবৈধ মজুদের দায়ে দোকানি রমজান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপর দিকে, দুুপুরে নগরীর তেরখাদিয়া এলাকায় অভিযান চালিয়ে সানোয়ার ভ্যারাইটি স্টোর থেকে ৪৫ লিটার মজুদকৃত তেল উদ্ধার করা হয়। একই সাথে এই দোকানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপস্থিত ভোক্তাদের মাঝে এমআরপি মূল্যে তা বিক্রয় করা হয়।
এদিকে, নগরীর রামচন্দ্রপুর এলাকায় আশিক স্টোরকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও সয়াবিন তেলের দাম বেশি রাখায় এবং মূল্যতালিকা না থাকার দায়ে ডিঙ্গা ডোবা ব্যাংক কলোনি এলাকায় হাবিব স্টোর নামে একটি মুদি দোকান সাত দিনের জন্য সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় এই কর্মকর্তা।
