রাজশাহীতে সড়কে ঝরলো মা-মেয়েসহ ৩ প্রাণ
রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।
তিনি বলেন, মাটিবাহী একটি ভটভটির সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই ভটভটি ছেড়ে পালিয়েছে চালক। তাছাড়া সেখানে তেমন কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় পুরো ঘটনা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. আব্দুল মান্নান (৪৮)। তিনি নওগাঁর মান্দা থানার ছোট বেড়ালদহ এলাকার ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে। পেশায় ব্যবসায়ী ছিলেন। তার মরদেহ রামেক মর্গে রাখা হয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোসা. বিথি (৩৩) নামের এক নারী এবং তার পাঁচ বছরের মেয়ে মরিয়ম জান্নাত (৫)। তারা ঘটনাস্থলেই মারা যান। তবে ওই দুর্ঘটনায় বেঁচে যান শিশুটির বাবা আক্তার (৩৫)।
