পুঠিয়ায় ৭৬২ কেজি ভেজাল গুড় জব্দ, আটক ৭
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৭৬২ কেজি ভেজাল গুড় জব্দসহ ৭জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ১১টায় উজেলার জিউপাড়া ইউনিয়ন অন্তর্গত ঝলমলিয়া বাজার থেকে এসব জব্দ করা হয়।
এঘটনায় আটককৃতরা হলেন, পুঠিয়া উপজেলার পূর্ব কানাইপাড়া এলাকার মানিক সরদারের ছেলে রজব সরদার (২৬), জিউপাড়া ( পান্নাপাড়া) এলাকার লুতফর রহমানের ছেলে সোহাগ হোসেন (৩০), বাঘার আড়ানী দিয়ারপাড়া এলাকার মৃত মকিম মোল্লার ছেলে আলী হোসেন (২৮), জলিল শাহের ছেলে সজীব আলী ( ২০), মিলন আহম্মেদের ছেলে হ্নদয় আলী (২০), মৃত শাহাবাজের ছেলে জয়নাল (৪৫), বাউশা কাচারীপাড়া এলাকার শ্রী বিশ্বনাথ সরকারের ছেলে শ্রী সুব্রত সরকার (২৬)।
শনিবার রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুঠিয়ার জিউপাড়া ইউনিয়ন অন্তর্গত ঝলমলিয়া বাজার এলাকায় ভেজাল গুড় তৈরির এক কারখানা অভিযান চালায় পুঠিয়া থানা পুলিশ।
এসময় ভেজাল গুড় তৈরির এক কারখানা হতে ৭৬২ কেজি ভেজাল গুড় ও ভেজালগুড় তৈরির উপকরণ সামগ্রী ( চিনি, পাথরের চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও রাসায়নিক পদার্থ) জব্দকরণসহ সাতজনকে আটক করে।
ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন থানায় ভেজালগুড় জব্দকরণ সংক্রান্তে সর্বমোট ২১ টি মামলা রুজু করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও অবৈধ মজুদদার, ভেজাল গুড় ও ভেজাল কসমেটিকস কারখানার বিরুদ্ধে রাজশাহী জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
