স্বামীর বাসা থেকে রাবি ছাত্রীর লাশ উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের জান্নাতুল মাওয়া দিশা নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে স্বামীর বাসা থেকে তার লাশ উদ্ধার হয়। দিশা আত্মহত্যা করেছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি।
জান্নাতুল মাওয়া দিশা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরের নওয়াপাড়া। বছরখানেক আগে কুষ্টিয়ায় তার বিয়ে হয়েছে। তার স্বামী ঢাকার মোহাম্মদপুরে ব্যবসা করেন। গত বৃহস্পতিবার রাজশাহী থেকে মোহাম্মদপুরে স্বামীর বাসায় যান দিশা।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক এসএম ফারুক হোসেন ও শিক্ষক অধ্যাপক আতাউর রহমান রাজু। অধ্যাপক আতাউর রহমান রাজু বলেন, দিশা গত বৃহস্পতিবার তার স্বামীর বাসায় যায়। সোমবার দুপুরে দিশার স্বামী ফোন করে জানায় সে গলায় ফাঁস দিয়েছে। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অধ্যাপক আতাউর রহমান আরও বলেন, দিশা খুবই নম্র ও মেধাবী শিক্ষার্থী ছিল। সে আত্মহত্যা করেছে কিনা, জানি না। আমরা জানতে পেরেছি দিশাকে উদ্ধার করে তার স্বামী হাসপাতালে নিয়ে যায়। ওই সময় তার স্বামী বাসাতেই ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।- দৈনিক শিক্ষা
