নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইয়ের শিবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ২জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামে ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪০) ও মৃত জয়নালের ছেলে খাইরুল ইসলাম (৪৮)।
চককীর্তি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) শামীম রেজা বলেন, সকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় মেরিনা ও খাইরুল বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যান। সেসময় বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যান। খাইরুল ইসলাম পেশায় কৃষক ও মেরিনা বেগম গৃহীনি।
চককীর্তি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে দেওয়া হবে।
