১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

তন্ত্রমন্ত্র-জিন-ভূত সব বৃথা, গ্রেফতার ভণ্ড কবিরাজ

প্রকাশিত: ৩০ June ২০২২, ১০:৪৮ am | বিভাগ: নাটোর, রাজশাহী প্রতিদিন, সব খবর
তন্ত্রমন্ত্র-জিন-ভূত সব বৃথা, গ্রেফতার ভণ্ড কবিরাজ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:


তন্ত্রমন্ত্রের মাধ্যমে জিন-ভূত তাড়ানো, বন্ধ্যত্ব দূর করে সন্তান লাভের নিশ্চয়তা দেওয়া মো. বসির (৩৪) নামে এক কবিরাজকে আটক করেছে র‌্যাব। প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুন) রাতে নাটোর সদর উপজেলার বনবেলঘরিয়া এলাকা থেকে তাকে আটকের পর তার কার্যকলাপের প্রমাণ চাওয়া হয়, কিন্তু তিনি তা দিতে পারেননি। ফলে তাকে এই দণ্ড দেওয়া হয়। বুধবার (২৯ জুন) সকালে তাকে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।

নাটোর র‌্যাব ক্যাম্প সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে নাটোর র‌্যাব ক্যাম্পে তান্ত্রিক কবিরাজ মো. বসিরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আসে। এরপর ওই কবিরাজের কাছে গোয়েন্দা পাঠায় র‌্যাব। মো. বসির ছদ্মবেশে থাকা এক গোয়েন্দা কর্মকর্তাকে নিশ্চয়তা দেন, তিনি আগুন জ্বালিয়ে তন্ত্রমন্ত্রের মাধ্যমে রোগীর ওপর থেকে জিন-ভূত তাড়াতে পারবেন। পাশাপাশি বন্ধ্যত্ব দূর করে সন্তান লাভের প্রতিশ্রুতিও দেন তিনি। এসব কাজের বিনিময়ে তিনি মোটা অঙ্কের অর্থ দাবি করেন।

মঙ্গলবার রাত আটটার দিকে র‌্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট শওকত মেহেদী ও নাটোর সদর হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা সৌরভ হোসেন কবিরাজ মো. বসিরের বনবেলঘরিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালান। এ সময় তাকে আটক করে জিন, ভূত তাড়ানো ও বন্ধ্যত্ব দূর করার প্রমাণ চাওয়া হয়। অপারগ তান্ত্রিক এ কর্মকর্তাদের কাছে নিজের অপরাধ স্বীকার করেন। তখন ভ্রাম্যমাণ আদালত প্রতারণার দায়ে মো. বসিরকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।

নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, অনেক দিন ধরে কবিরাজ মো. বসিরের প্রতারণার খবর পাওয়া যাচ্ছিল। হাতেনাতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতে দেওয়া হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন