রাজশাহী থেকে ঢাকার পথে ক্যাটল স্পেশাল ট্রেন
নিজস্ব প্রতিবেদক:
১৩২ টি কোরবানির পশু নিয়ে রাজধানী ঢাকার পথে রওনা দিয়েছে ক্যাটল স্পেশাল ট্রেন। বুধবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ২২ টি পশু নিয়ে ট্রেনটি রওনা দেয়। এরপর রাজশাহী স্টেশনে একটি ওয়েগানে মোট ৫ টি গরু ও ৬ টি ছাগল নিয়ে সন্ধ্যায় ঢাকায় পথে ছেড়ে যায়।
বিশেষায়িত এই ট্রেনটিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আড়ানী ও বড়ালব্রিজ মোট চারটি স্টেশন থেকে ৩৬ টি গরু ও ৯৬ টি ছাগল অর্থাৎ ১৩২ টি পশু নিয়ে ঢাকায় পৌঁছাবে বলে জানায় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। এই চারটি স্টেশন থেকে প্রতি ওয়াগনে গরু পরিবহন করতে খরচ পড়বে ৮ হাজার ৫০০ টাকা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার জানান, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৫টি ওয়াগন নিয়ে দুটি ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চলবে। স্বল্প খরচে এবং নির্বিঘেœ কোরবানির পশু পরিবহনে ট্রেনটি চালু করা হয়েছে। প্রথম দিনে চারটি ওয়েগান বুক হয়েছে। একটি ফাঁকা ছিলো। তিনদিন চলবে এই বিশেষায়িত ট্রেনটি। এক দিন আগেই দিতে হবে বুকিং।
তিনি আরও জানান, ইদে ঘরমুখো যাত্রী পরিবহনে এখন রেলওয়ের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সুতরাং ক্যাটল স্পেশাল ট্রেনের চাহিদা না থাকলে দু’দিন চলেই বন্ধ হতে পারে ট্রেনটি।
উল্লেখ্য, প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০২১ সালের ১৭ জুলাই ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়। ট্রেনটি ১৯ জুলাই পর্যন্ত গরু পরিবহন করে।
