রাজশাহী রেলস্টেশনে ঢাবির রনি
নিজস্ব প্রতিবেদক:
টিকেট কালোবাজারি সহ রেলের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গণসংযোগ করেছেন মহিউদ্দিন রনি।
শুক্রবার বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে তিনি এই কর্মসূচি পালন করেন। এ সময় তাকে সহযোগিতা করেন পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল তিনটার পর মহিউদ্দিন রনি তার সহযোগীদের নিয়ে রাজশাহী স্টেশনের প্লাটফর্মে যাত্রীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেয়া লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরম সম্পর্কে নাগরিকদের সচেতন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার। এক সাক্ষাৎকারে পশ্চিমাঞ্চল রেলের জিএম জানান, মহিউদ্দিন রনির যে ছয় দফা দাবি তার সাথে পশ্চিমাঞ্চল রেল একমত। পশ্চিমাঞ্চল রেলের জিএম এর নামে একটি ফেসবুক পেজ খোলা আছে সেখানে যে কেউ তথ্যপ্রমাণ সহ অভিযোগ করলে পশ্চিমাঞ্চল রেল তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।
মহিউদ্দিন রনি জানান, রেলের অনিয়ম ও দুর্নীতি নিয়ে জনসচেতনতা কর্মসূচিকে কেন্দ্র করে তিনি ঢাকায় রেল কর্তৃপক্ষের নানা প্রতিবন্ধকতার শিকার হলেও রাজশাহী রেলওয়ে স্টেশনে পশ্চিমাঞ্চলের রেল কর্তৃপক্ষের সহযোগিতা পেয়েছেন। কর্মসূচি শেষে তিনি তার সহযোগীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পদ্মা ট্রেনে করে রাজশাহী ত্যাগ করেন।
এদিকে, বাংলাদেশ রেলওয়ের অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে এবং সহজ ডট কমে যাত্রী হয়রানির প্রতিবাদে ৬ দফা দাবিতে গত ৭ জুলাই থেকে আন্দোলনে নামেন রনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন হাওলাদার রনি গত ২৫ জুলাই আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন।
তার ছয় দফার দাবিগুলো হচ্ছে- টিকেট ব্যবস্থাপনায় হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে, হয়রানির ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে হবে। যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকেটের কালোবাজারি বন্ধ করতে হবে। অনলাইন কোটায় টিকেট ব্লক করা বা বুক করা বন্ধ করতে হবে। অনলাইন বা অফলাইনে সবার সমান সুযোগ নিশ্চিত করতে হবে। যাত্রী চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে রেলের সংখ্যা বৃদ্ধিসহ দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। রেলের টিকিট পরীক্ষক ও তত্ত্বাবধায়কসহ দায়িত্বশীলদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে আনতে হবে এবং রেলের সেবার মান বৃদ্ধি করতে হবে। রেলে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে পানি সরবরাহ ও স্বাস্থ্য সম্মত স্যানিটারি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
